২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ ও হত্যা: চাঁদপুরে ৪ জনের মৃত্যুদণ্ড

নয় বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 03:10 PM

Updated : 23 Aug 2022, 04:36 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রহিমা আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফজলুল হক মাস্টারের ছেলে মো. জিয়া (৩২), আবুল খায়ের মিয়াজীর ছেলে কামাল মিয়াজী (৩৬), আব্দুল জলিলের ছেলে মো. আবুল বাসার (৪৮) ও নজরুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৩৮)।

রায় ঘোষণার সময় মাহমুদা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান।

এ মামলার রায়ে আরেকটি ধারায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বরাতে পিপি সাইয়েদুল জানান, ২০১১ সালে রসুলপুর গ্রামের মো. সফিউল্লাহ মিয়াজীর মেয়ে রহিমার (২০) সঙ্গে পাশের ঘিলাতলী গ্রামের মান্না মাস্টারের ছেলে আবু জাফরের বিয়ে হয়। বিয়ের পর জাফরের পরকিয়া সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। এক পর্যায়ে এ নিয়ে দুজনের মধ্যে কলোহ সৃষ্টি হয়।

২০১৩ সালের ১৯ মে রহিমা তার বাবার বাড়ি থেকে জাফরের কর্মস্থল নারায়ণপুর কোল্ড স্টোরে রওনা দেন। এরপর তিনি আর রাতে ফেরেননি। পরদিন রহিমার বাবা জাফরের মোবাইলে ফোন করে মেয়ের কথা জানতে চান। এ সময় জাফর জানান যে, রহিমা তার কাছে আসেনি।

এর দুদিন পর ২১ মে সন্ধ্যায় জাফর রহিমার বাবা সফিউল্লাহকে ফোন করে মেয়ের মরদেহ রসুলপুর কদম আলীর বাড়ির পাশে ভুট্টা খেতে পড়ে আছে বলে জানান। পরে রহিমার বাবা গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পরে এ ঘটনায় জিয়া, কামাল, বাসার ও মাহমুদাকে আসামি করে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন রহিমার বাবা।

মামলাটি তদন্ত শেষে মতলব দক্ষিণ থানার তৎকালীন এসআই লুৎফুর রহমান ২০১৩ সালে চারজনকে আসামি করে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।