২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে পাচারের চেষ্টা: ৬৯ ড্রাম অকটেন জব্দ

র‌্যাব জানায়, উখিয়া উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হয়েছিল। এগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

মিয়ানমারে পাচারের চেষ্টা: ৬৯ ড্রাম অকটেন জব্দ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে জব্দ ৬৯ ড্রাম অকটেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 01:35 AM

Updated : 13 Jan 2024, 09:50 AM

‘সাগরপথে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে’ কক্সবাজারে ৬৯ টি ড্রাম জ্বালানি তেলসহ ছয়জনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। জব্দ করা হয়েছে দুটি গাড়ি। 

শুক্রবার বিকালে মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন। 

আটকরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়ার আয়াজ ওরফে রিয়াজ, এহছান উল্লাহ ওরফে রহমত উল্লাহ ও আলী আকবর, একই ইউনিয়নের উত্তর সোনার পাড়ার জসিম উদ্দিন, পশ্চিম সোনার পাড়ার মো. সোহেল এবং রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি এলাকার মো. দেলোয়ার।

র‌্যাব কর্মকর্তা বলেন, সাগরপথে উপকূলের বিভিন্ন এলাকা দিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে জ্বালানি তেল পাচার করে আসছিল। শুক্রবার বিকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের একটি দল তল্লাশি চৌকি স্থাপন করে। 

টেকনাফমুখি দুইটি জিপ সেখানে পৌঁছালে তাদেরকে থামার নির্দেশ দেওয়া হলে সন্দেহজনক ৭/৮ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। 

পরে গাড়ি দুইটিতে অকটেন ভর্তি ৬৯ টি ড্রাম পাওয়া যায়। সেগুলোতে তেল পাওয়া যায় ২ হাজার ৯০০ লিটার। 

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা বলেন, “উখিয়া উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হয়েছিল। এগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।”