২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় চার মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

চার মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2024, 12:37 PM

Updated : 29 Mar 2024, 12:37 PM

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোণায় করা চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার নেত্রকোণা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন নামঞ্জুর করেন বলে বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন জানান।

তিনি বলেন, চার মামলায় আদালতে আবু সাঈদকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগ নেতা সিদ্বার্থ শংকর পাল বাবু ও রেজাউল হাফিজ রেসিম চারজন নেত্রকোণার আদালতে পৃথক চারটি মামলা করেন বলে জানান তিনি।

আইনজীবী বলেন, পরে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় বলা হয়, ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্যে মানহানিকর, কুরুচিপূর্ণ, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যে হুমকি।

এ ধরনের হুমকি দেওয়ায় বাদীরা সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা রুজু হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]