জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
“সকালে এলাকার লোকজন বিলে মাছ মারতে গিয়ে লাশটি ভাসতে দেখে। লাশের গায়ে কোনো কাপড় ছিল না।”
জামালপুরের মেলান্দহের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিম মাহমুদুল হক।
মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রৌফ বলেন, “সকালে এলাকার লোকজন বিলে মাছ মারতে গিয়ে লাশটি ভাসতে দেখে। লাশের গায়ে কোনো কাপড় ছিল না।”
ওসি মাহমুদুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
