১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ‘পাগলা হামিদ’ গ্রেপ্তার

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে মামলা রয়েছে।

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ‘পাগলা হামিদ’ গ্রেপ্তার
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার আব্দুল হামিদ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 12:34 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

নারায়ণগঞ্জের ফুতল্লায় আজমেরী ওসমানের সহযোগী আব্দুল হামিদ ওরফে ‘পাগলা হামিদকে’ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে থাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

তিনি বলেন, “হামিদ আমাদের টার্গেটে ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আব্দুল হামিদ। আজমেরী জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা৷

জানা যায়, ‘পাগলা হামিদ’ এক সময় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের গাড়িচালক ছিলেন। পরে আজমেরী ওসমানের সঙ্গে তার যোগাযোগ হয়। 

শহরে আজমেরী ওসমানের মহড়ায় সবসময় তার গাড়িতে হামিদকে দেখা যেত। আজমেরীর প্রভাবে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ত্রাসের রাজত্ব ছিল হামিদের। বিসিক শিল্পাঞ্চলে চাঁদাবাজি ও ঝুট সন্ত্রাসের বড় নিয়ন্ত্রণ ছিল তার হাতে। হত্যা, মাদক ব্যবসা, ভূমিদস্যুতাসহ নানা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজমেরী ওসমান গা ঢাকা দিলেও তার অনেক সহযোগী নারায়ণগঞ্জে রয়ে যান। তাদের মধ্যে হামিদ একজন। তবে তিনি স্থানীয় কয়েকজন বিএনপির নেতার সঙ্গে যোগসাজসে এলাকায় টিকে যান।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল জানান, হামিদের গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে তার সহযোগী আনিস সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন ।