টাঙ্গাইলে গালমন্দ করায় গৃহকর্তার মাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
২০১৯ সালের ২৬ নভেম্বর গৃহকর্তার বৃদ্ধা মাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে জানান পিপি।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গালমন্দ করায় গৃহকর্তার বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।
দণ্ড পাওয়া ২৫ বছর বয়সি মো. বাদল ওরফে বাবু জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে।
মামলার বরাতে পিপি রিপন বলেন, বাদল ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকানে ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজ নিয়ে বাদলকে গালমন্দ করেন সেহাব। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাদল।
ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সেহাবের বাসায় গিয়ে তার মা আহাতন বেওয়াকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন বাদল। খবর পেয়ে পুলিশ ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে বাদলকে গ্রেপ্তার করে।
পিপি বলেন, পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল বলেন, মালিকের ওপর ক্ষোভের জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রিপন।
