২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পাঁচটি আসনের তিনটিতেই নৌকার মাঝি নারী

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও রুমানা আলী টুসি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 10:22 PM

Updated : 01 Dec 2023, 10:22 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে নারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এরা হলেন-তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও রুমানা আলী টুসি।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

সংসদীয় আসন থেকে দীর্ঘদিনের সংসদ সদস্য ছিলেন প্রয়াত জাতীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী রহমত আলী। একাদশ সংসদ নির্বাচনে অসুস্থতার কারণে দলের কাছে মনোনয়ন চাননি। পরে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

আওয়ামী লীগ রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসির হাতেই তুলে দিয়েছে নৌকার টিকেট। রুমানা কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে রুমানা আলী বলেন, তার বাবা স্বাধীনতার পর বহুদিন এই এলাকার মানুষের সেবা করেছেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকেছেন। রাজনীতি পরিবারের সদস্য হওয়ার কারণে ছোটকাল থেকেই রাজনীতির প্রতি বিশেষ আকর্ষণ ছিলতার।

এবার জয়ী হতে পারলে এলাকার পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে চান বলে জানান।

গাজীপুর-৪ (কাপাসিয়া) এবারও নৌকার টিকেট পেয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।

সিমিনের ভাই সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সংসদ থেকে পদত্যাগ করলে ২০১২ সালের উপ-নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে একাধারে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি।

সিমিন বলেন, তার বাবা, জাতির পিতা ও আওয়ামী লীগের আদর্শ ধারণ করেই রাজনীতি করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ার পর পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে গতি এনেছেন। পাশাপাশি মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনা, বাল্য বিয়েমুক্ত এলাকা গড়ে তোলা, সবার জন্য স্বাস্থ্য শিক্ষার সুযোগ ও মাদকমুক্ত এলাকা গঠনে কাজ করেছেন।

এবারে জয় পেলে স্মার্ট দেশ গঠনে কাজ করবেন জানিয়ে আবারও ভোট প্রার্থনা করেন সিমিন।

এ আসনে কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা শিল্পপতি আলম আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। আলম আহমেদ ও সিমিন হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

গাজীপুর-৫ সংসদীয় আসনে মেহের আফরোজ চুমকির হাতে এবারও নৌকা তুলে দিয়েছে আওয়ামী লীগ। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে।

চুমকি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

১৯৯৬ সালে তিনি সংরক্ষিত সংসদ সদস্য পদে প্রথমবারের মতো সংসদে যান। পরে ২০০৯, ২০১৪, ২০১৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন এক মেয়াদে। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় চুমকি বলেন, “বাবার দেখানো পথেই রাজনীতির মাঠে বিচরণ করে চলেছেন। আমৃত্যু আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসতে হবে সবার আগে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো।”