কুড়িগ্রামে আগুনে পুড়েছে এক দোকান ও চার ঘর
আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি।
কুড়িগ্রাম সদর উপজেলায় আগুনে একটি দোকানসহ চারটি ঘর পুড়ে গেছে।
উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট ভেরভেরি এলাকায় রোববার ভোর ৪টায় এ অগ্নিকাণ্ড হয় বলে হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান।
আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
নয়ারহাট ভেরভেরি এলাকার মতিয়ার রহমান বলেন, “কাপড় ব্যবসায়ী খাইরুল ইসলামের বাড়ির সংলগ্ন দোকানে আগুন লাগে। পরে দ্রুতই তা পাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। খাইরুলের মা আগুন দেখে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যান।
“পরে স্থানীয়রা গিয়ে খায়রুলের ঘরে থাকা আটটি ভেড়া উদ্ধার করে। কিন্তু ততক্ষণে দোকানে থাকা একটি ভ্যানগাড়ি, কাপড়সহ ও পাঁচমণ তুলা পুড়ে ছাই হয়ে যায়।”
পরে কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
মতিয়ার আরও বলেন, “এ ঘটনায় খাইরুলের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।”
ইউপি চেয়ারম্যান বলেন, “ক্ষতিগ্রস্ত খাইরুলকে ঘটনার পরই সহযোগিতা করা হয় এবং জেলা প্রশাসকের কাছে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে।”
