১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সামনের নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে: মহাপরিচালক

সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন মহাপরিচালক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 11:18 AM

আগামী নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আনসার-ভিডিপিকে ‘ভিন্ন রূপে’ দেখা যাবে বলে জানালেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

তিনি বলেছেন, “নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে। দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে।”

রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার অ্যাকাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপির ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।” 

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সব কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা, বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন মহাপরিচালক।

তিনি বলেন, ভিডিপি সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য আনসার-ভিডিপি ক্লাবভিত্তিক কোঅপারেটিভ কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করতে তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য চালু হওয়া ভিডিপি মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অনন্য দৃষ্টান্ত। এটি দেশের আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। 

মহাপরিচালক ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে আনসার-ভিডিপি ক্লাবের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি যেন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তৃণমূলে জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। 

রোববার ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। 

এ উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক-নির্দেশনা দিয়ে সমাবেশের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, অ্যাকাডেমির কমান্ড্যান্ট উপ মহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।