টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোরীর মৃত্যু
ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বনলতা এক্সপ্রেস’ মেয়েটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরী নিহত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। বিকালে মেয়েটি রেললাইন ধরে হেঁটে ছয়শ গ্রাম থেকে উত্তর দিকে যাচ্ছিল। এ সময় ট্রেন আসতে দেখে রফিক নামের এক ব্যক্তি মেয়েটিকে রেললাইন থেকে সরে যেতে বলেন।
তবে মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ট্রেন এসে তাকে ধাক্কা দিলে লাইনের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
হাবলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, মেয়েটি আশপাশের এলাকার বাসিন্দা হতে পারে। তার সঙ্গে থাকা মানিব্যাগে ২০ টাকা পাওয়া গেছে। মেয়েটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।
হারুন-উর-রশিদ বলেন, মৃতদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
