ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন
এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে নাসিরনগর উপজেলার তিন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এ কর্মসূচি পালন করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তবে তার নাম ঘোণার পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন দলের একাংশের নেতাকর্মীরা।
হান্নানকে পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন তার সমর্থকরা। কামরুজ্জামান উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদ চত্বরের সামনে কামরুজ্জামানের অনুসারীরা মানববন্ধন করেছেন।
এতে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, “কামরুজ্জামান দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারণ মানুষের নেতা। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা এক হয়েছি।”
ছোয়াব রেজা বলেন, বিএনপির যোগ্য প্রার্থী মামুন ভাই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। এজন্য দলের মনোনয়ন বদলের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কামরুজ্জামান মামুন বলেন, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফেল করেছেন। যে কারণে উপজেলার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে প্রতিনিয়ত কর্মসূচি পালন করছে।
বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান বলেন, “তৃণমূলে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায় সেটা বিএনপির হাইকমান্ড প্রমাণ করেছে। প্রথমবারের মত আসনটি বিএনপিকে উপহার দিতে পারব বলে আশা করি।”
