২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষার্থীকে ‘হুমকি-ব্ল্যাকমেইল’ ধর্ষণের আসামির

আশুলিয়া থানার ওসি বলেন, এটা তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে, অনুমতি এলে তদন্ত শুরু হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 08:15 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ধর্ষণ মামলার অভিযোগকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অনলাইনে হুমকি, ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ছবি ও কথোপকথন ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় নতুন করে অভিযোগ দিয়ে সাইবার আইনে মামলা করতে গেলে আশুলিয়া থানার পুলিশ সেটি গ্রহণ করেনি। 

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এস এম তারিকুল ইসলামের বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) এর বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়।

তিনি দাবি করেন, ওই মামলার পর থেকেই আসামি তাকে এবং তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে আসছেন। আসামি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভুক্তভোগীর বাবা-মাকে ফোন করে হুমকি দিয়েছেন। মামলা প্রত্যাহার না করলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে- এমন হুমকিও দেওয়া হয়।

তার দাবি, আসামি আগে গোপনে তার ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে নিজের মোবাইলে সংরক্ষণ করে রেখেছিলেন এবং সেগুলো প্রকাশ করার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করেছেন। 

অভিযোগে বলা হয়, ৫ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী নিজের ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার সময় দেখতে পান, অভিযুক্ত তার একটি ফেইসবুক পেইজে পাবলিক পোস্টের মাধ্যমে বিভিন্ন সময় গোপনে ধারণ করা তার ছবি এবং হোয়াটসঅ্যাপ কথোপকথন সম্পাদনা করে প্রকাশ করেছেন।

ওই পোস্টে ২৮৯টি ছবি সংযুক্ত করে একটি গুগল ড্রাইভ লিংকও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার।

এ ঘটনায় নতুন করে অভিযোগ নিয়ে সাইবার আইনে মামলা করতে সম্প্রতি আশুলিয়া থানায় যান ভুক্তভোগী ও তার সহযোগীরা।

তারা জানান, থানায় গেলে প্রথমে পুলিশ তাদের সাধারণ ডায়েরি (জিডি) করতে বলে। তবে তারা জিডির পরিবর্তে মামলা করতে চাইলে পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয় অথবা আদালতে মামলা করার কথা বলে।

পরে যেহেতু একই থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে, তাই সেখানেই নতুন মামলাটি করতে চান বলে জানালে থানার ওসি তাদের আশ্বস্ত করেন যে, তিনি মামলা গ্রহণ করবেন।

অভিযোগ অনুযায়ী, পরে ওসি তাদের এজাহার জমা দিতে বলে একটি ইফতার অনুষ্ঠানে চলে যান। এ সময় থানার পক্ষ থেকে এজাহার গ্রহণ না করে সেটিকে ‘অভিযোগপত্র’ হিসেবে টাইপ করা হয়।

বিষয়টি বুঝতে পেরে তারা পুনরায় ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি ইফতার শেষে এসে মামলা নেওয়ার আশ্বাস দেন।

পরদিন আবার থানায় গেলে পুলিশ সদস্যরা জানান, ২৪ ঘণ্টা পর মামলা নেওয়া হবে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত মামলা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে আর মামলাটি নেওয়া হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “সব বিষয়ে মামলা হয় না। কোনো বিষয়ে মামলা হয়, কোনো বিষয়ে জিডি হয়।

“আমরা যেটা বলেছি, এটা তদন্তের অনুমতি লাগবে। এটা তদন্ত করার অনুমতির জন্য আমরা আদালতে পাঠিয়েছি। আদালত থেকে অনুমতি আসলে আমরা এটা তদন্ত শুরু করে দেব।”

ভুক্তভোগী ধর্ষণ মামলা করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এস এম তারিকুল ইসলামের সনদপত্র সাময়িক স্থগিত করে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বাদীকে হুমকি ও ব্ল্যাকমেইলিং করার বিষয়ে জানতে তারিকুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। 

আরও পড়ুন:

জাবি ছাত্রীকে আটক রেখে 'ধর্ষণ': সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত