২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রীকে আটক রেখে ‘ধর্ষণ’: সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত

ঘটনাটি তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাবি ছাত্রীকে আটক রেখে ‘ধর্ষণ’: সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 11:04 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর সনদপত্র সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সেইসঙ্গে অভিযোগের ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সনদপত্র সাময়িক স্থগিত হওয়া এস এম তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হল থেকে লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীকে হুমকি দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী ইসলামনগরে একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগ ওঠে। 

ঘটনাটি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা এবং সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ।

ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ সব সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত