২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

বিকাল ৩টার দিকে বৈদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে ওপর পড়লে চারজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 07:03 PM

Updated : 17 Sep 2022, 07:03 PM

বরগুনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে ও ভাইসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে এক শিশু।

শনিবার বিকালে উপজেলার ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রবাসী হেলাল (৩০), তার ছেলে রবিউল (১৫) ও মামাতো ভাই বেলায়েত (২২)।

আহত শিশু প্রতিবেশী নিজাম খানের পাঁচ বছর বয়সী ছেলে আরিফ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, “হেলাল আট বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। বাড়ি এসে নিজেদের কাঠের তৈরি পুরোনো ঘর মেরামতের কাজ শুরু করেন। কাজে সহযোগিতা করছিলেন তার ছেলে ও মামাতো ভাই। প্রতিবেশী শিশুটি এখানে উপস্থিত ছিল।

“বিকাল ৩টার দিকে বৈদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে ওপর পড়লে চারজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদ হোসেন তিনজনকে মৃত ঘোষণা করেন।”

ইউপি চেয়ারম্যান আরও জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিস নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহত শিশুটিকে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসক জানান।