বগুড়ায় বাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ শিক্ষার্থীর
এক মোটরসাইকেলে তিনজন যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন তারা।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় শনিবার বেলা দেড়টার দিকে তারা হতাহত হন বলে শাহজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহতরা হলেন বগুড়ার দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা এলাকার আলমাছ মিয়ার ছেলে তানভীর হোসেন (২১)।
আহত শিক্ষার্থীর নাম সানি বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
হতাহত তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের ছাত্র।
ওসি মামুন জানান, তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি খালি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। সানি ও সাগরকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালকককে ধরতে পারেনি।
