সাগরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল সাড়ে ৪ ঘণ্টা পর
সকালে আসমাইন কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাগরে তলিয়ে যায় বলে জানায় পুলিশ।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম।
নিহত মোহাম্মদ আসমাইন (১৩) শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সুপার মাসুদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে আসমাইন ও তার পাঁচ বন্ধু গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। অন্য বন্ধুদের শোর চিৎকারে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন।
এ সময় দুইজনকে উদ্ধার করা গেলেও আসমাইন সাগরে ভেসে যায় বলে জানান তিনি।
তিনি বলেন, নিখোঁজের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। দুপুর দেড়টার দিকে সমিতি পাড়া পয়েন্টে সাগরে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে আসমাইনের মৃতদেহ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানান পুলিশ সুপার মাসুদুল হক।
