১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কিশোর নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

নিহতের পরিবার এ ঘটনার জন্য কিশোর অপরাধীদের দায়ী করেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 01:02 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

চাঁদপুর শহরে এক কিশোর নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে শহরের চেয়ারম্যান ঘাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিপরীতে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আজাদ জানান। 

নিহত আবু সাইদ সায়েম (১৫) শহরের ব্যাংক কলোনির ভাড়াটিয়া মো. স্বপন সরকারের ছেলে। সে ঠিকাদার রিয়াদের অধীনে ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করত।

সায়েমের পরিবারের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই এলাকার কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে সায়েম। এর জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

সায়েমের মা সাজেদা বেগম সাজু বলেন, “আমার ছেলে কাজ শেষে মার্কেট থেকে একটি গেঞ্জি কিনে। এরপর বাসার দিকে আসার সময় ছয়-সাতজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে যাই। তবে তাদেরকে চিনতে পারিনি। 

“রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজনের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে আসি। আমার ছেলে আর বেঁচে নেই। আমি এই হত্যার বিচার চাই।”

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, “হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটে যান।

থানার এসআই মো. আজাদ বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”