তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের পরপরই মানুষের ঢল, উচ্ছ্বাস
সেতুর ওপর মানুষের ব্যাপক উপস্থিতির পাশাপাশি ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদেরও দেখা যায়।
তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের পরপরই সেতুমুখী মানুষের ঢল ও উচ্ছ্বাস দেখা গেছে।
সোমবার দুপুরে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুটির নামকরণ হয়েছে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে। শীতলক্ষ্যা নদীর ওপর বহুল আকাঙ্ক্ষিত সেতুটি পেয়ে উচ্ছ্বসিত দুই পাড়ের মানুষ।
সোমবার রাত ১২টার পর যানচলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। যদিও দুপুরে সেতুটি উদ্বোধন পর থেকেই দুই পাড়ের মানুষের ঢল নামে। কিছু মোটরসাইকেল, ট্রাক ও প্রাইভেটকার সেতুটিতে চলতে দেখা গেছে। অনেকেই সেতুটিতে ঘুরতে চলে আসেন। তারা সেতুর ওপর ঘুরে ঘুরে মোবাইল ফোনে ছবি তোলেন। অনেকে আবার হেঁটে পার হন এক হাজার ২০০ মিটারের এই সেতু।
স্কুল ড্রেস পরা কয়েকজন শিক্ষার্থীকেও ঘুরতে দেখা যায় সেতুটিতে।
কথা হয় বন্দরের হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির চার ছাত্রীর সঙ্গে। তাদের মধ্যে উর্মি আক্তার হাবিবা বলেন, “আমাদের স্কুল পাশেই; ছুটি হয়ে গেছে। সেতু উদ্বোধন হয়েছে জেনে আমরা কয়েকজন ঘুরতে আসছি।”
সেতুর ওপর মানুষের ব্যাপক উপস্থিতির পাশাপাশি ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের দেখা যায়।
ভারী যানবাহন চলাচল শুরু না হওয়ায় সেতুর মাঝখানে দাঁড়িয়েই খাদ্যসামগ্রী বিক্রি করছিলেন তারা।
কথা হয় কুলফি আইসক্রিম বিক্রেতা আনোয়ারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “ব্রিজ উদ্বোধন হইবো জাইনা আসছি। এইখানে কয়েকদিন লোকজন থাকবো বেচাকেনা ভালো হইবো।”
স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন রাকিব হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, “এই সেতু শুধু চলাচলের জন্যই না, বিনোদনেরও একটা কেন্দ্রবিন্দু হবে।”
এক হাজার ২০০ মিটার দৈর্ঘে্যর এই সেতুর চার লেনে চলবে দ্রুতগতির যানবাহন। দুই পাশে হাঁটার জন্য ফুটপাত ছাড়াও দুটি লেন রাখা হয়েছে ধীরগতির যান চলাচলের জন্য।
সদর উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, “আমার শ্বশুরবাড়ি বন্দরের কলাছিয়ায়। শ্বশুরবাড়ি যাওয়ার সময় বউ-বাচ্চাদের ট্রলার দিয়া ঝুঁকি নিয়া নদী পারাপার করতে হতো; এখন আর সেই ঝামেলা নাই। গাড়ি তো চলবোই, হাঁটার রাস্তায়ও রাখছে। হাঁইটাও পার হওয়া যাইবো। অন্তত ট্রলার ডোবার ভয় থাকবো না।”
পেশায় রাজমিস্ত্রি বন্দর উপজেলার মদনগঞ্জের বাসিন্দা আলী নূর বলেন, “এই সেতুটা হওনের অপেক্ষায় ছিলাম। এক বছর পর বন্দরের চেহারাও পাল্টাইয়া যাইবো। যোগাযোগ বাড়বো, মিল-কারখানা বাড়বো। কামের লাইগা এইপারের (বন্দর) মানুষগো হেইপার যাওন লাগতো না।”
সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই সেতুটি শিল্প নগীরখ্যাত নারায়ণগঞ্জ সদর ও বন্দরের মধ্যে সংযোগ স্থাপন করার পাশাপাশি ঢাকা শহরের যানজট নিরসনে বিকল্প সড়ক যোগাযোগও সৃষ্টি করবে। সেতুটি খুলে দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া-খুলনা দেশের এ তিনটি জাতীয় মহাসড়ক সরাসরি সংযুক্ত হওয়ার দ্বার উন্মোচিত হবে।
ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ নিশ্চিত হবে। এই সেতু ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সঙ্গে পদ্মা সেতুর দূরত্ব কমাবে অন্তত নয় কিলোমিটার। এতে সময়ও সাশ্রয় হবে। সেতুটি সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি প্রসার ও জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ বলেন, “এটি একটি জাতীয় সেতু। স্থানীয়দের সুবিধার চেয়ে এটি জাতীয়ভাবে বেশি ভূমিকা রাখবে। সময় ও দূরত্ব উভয়ই সাশ্রয় করবে শীতলক্ষ্যার ওপর নির্মিত সেতুটি।”
২০১০ সালের নভেম্বরে সড়ক ও জনপদ অধিদপ্তর নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর থেকে বন্দরের মদনগঞ্জ এলাকা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়। প্রায় ৩৭৮ কোটি টাকা ব্যয়ে তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করার কথা থাকলেও পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিতেই সময় লেগে যায় অন্তত ছয় বছর।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শুরু হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। মাত্র এক হাজার ২০০ মিটার দৈর্ঘের এই সেতু নির্মাণে অতিরিক্ত সময়ের পাশাপাশি ব্যয় বেড়েছে প্রায় ৬১ শতাংশ। ৬০৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণে ৩৪৫ কোটি ২০ লাখ টাকা ঋণ সহায়তা দিয়েছে সৌদি আবর সরকার। বাকি অর্থ বাংলাদেশ সরকারের। সেতু নির্মাণ করেছে ‘সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড’ নামে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সেতু চলাচল করা যানবাহনের টোল নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা সড়ক বিভাগ। রাত থেকেই টোল আদায় শুরু হবে। টোল আদায়ের জন্য সেতুর পূর্বপাশে ছয়টি আলাদা লেন রাখা হয়েছে।
