সিলেটে বিএনপির প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
পুলিশ বলছে, কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই।
সিলেট মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর ২টার দিকে প্যান্ডেল নির্মাণ চলাকালে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
তিনি বলেন, “শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালনের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে, এখানে অনুষ্ঠান করা যাবে না।
“পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারত, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যেকোনো মূল্যে শহীদ মিনারে কর্মসূচি হবে।”
এ সময় শহীদ মিনারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি অ্যান্ড মিডিয়া) সুদীপ দাস বলেন, “বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। রোজার মাস সার্বিক বিবেচনায় তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচির আয়োজন করতে পারে।”
বিএনপি জানায়, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ‘সর্বগ্রাসী দুর্নীতি’র অভিযোগ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
