২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতনের অভিযোগ

জিইউকে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:11 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাইবান্ধা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক যুবককে নির্যাতনের অভিযোগ ওঠেছে। 

এ ঘটনায় নির্যাতনের শিকার যুবকের বড় ভাই আওরঙ্গ হক্কানী শনিবার বিকালে জিইউকে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শহরের ভি-এইড রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণউন্নয়ন কেন্দ্র-জিইউকে।

লিখিত অভিযোগে বলা হয়, মুর্শিদ হক্কানী (২৮) একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। গত বছরের ২৮ অগাস্ট তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য প্রতিষ্ঠানটিতে ভর্তি করা হয়। পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে পারত। কিন্তু পরবর্তীতে নানা অজুহাতে সেটা বন্ধ করে দেওয়া হয়।    

১১ ফেব্রুয়ারি আত্মীয়-স্বজনরা মুর্শিদ হক্কানীকে দেখার জন্য গেলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এতে স্বজনদের সন্দেহ হয়। পরে অনেক অনুরোধ করলে, বিকালে মুর্শিদ হক্কানীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান স্বজনরা। এ সময় মুর্শিদ হক্কানীর নাক, শরীরের একাধিক স্থানে কাটা, ছোলা-ফোলা ও আঘাত-জখমের চিহ্ন দেখা যায়। পরে কেন্দ্রের পাওনাদি পরিশোধ করে মুর্শিদকে বাড়ি নিয়ে যাওয়া হয়। 

অভিযোগে বলা হয়, বাড়িতে মুর্শিদ হক্কানী কেন্দ্রে তার ওপর শারীরিক নিযাতন ও মারধরের বর্ণনা দেন। মুর্শিদকে কেন্দ্রের একটি আধাপাকা ঘরে মুখের ভেতরে কাপড় ঢুকিয়ে লোহার রড দিয়ে ডান ও বাম হাতে, পিঠে, দুই উরুতে, দুই পায়ের হাঁটুতে, নাকের উপর, বাম হাতের তালুতে মারধর করা হয়। একপর্যায়ে মুশিদের দুই পা রশি দিয়ে বেঁধে উল্টো করে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এতে মুর্শিদ জ্ঞান হারিয়ে ফেলে। মারধরের পর এসব কখা পরিবারকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। 

পরিবারের লোকজন পরে মুর্শিদ হক্কানীকে সেখান থেকে নিয়ে এসে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভতি করে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে জিইউকে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর কাবিউল আজাদ বাদল বলেন, “সঙ্গে থাকা অন্য রোগীদেরকে তিনি (মুর্শিদ হক্কানী) প্রায় মারধর করতেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে অন্য রোগীরা সবাই মিলে তাকে মারধর করেছে।” 

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে মুর্শিদ হক্কানীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ভিডিও, ছবি গণউন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম আবদুস সালামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে বিষয়টি অভিহিত করা হয়। 

পরে তিনি এক বার্তায় বলেন, “আমি খুবই অসুস্থ গত চার দিন থেকে। তবু দেখছি ভাই। খুবই দুঃখজনক। কারা এ রকম করল, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।”