Published : 27 Mar 2026, 11:13 AM
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম।
নিহত রাজীব শেখ (২৮) চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।

শুক্রবার সকালে ওসি নজরুল ইসলাম বলেন, চিংগুড়ি গ্রামের বিশ্বাস ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ (গোষ্ঠি বিরোধ) চলে আসছে। তার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে।
এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। সংঘর্ষের মধ্যে পড়ে শেখ বংশের পক্ষের রাজীব মারা যায়। এসময় দুই পক্ষের অন্তত ১২টি বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।