২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

দুই লাখ ২০ হাজার টাকা ধার নেওয়া নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:52 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষককে হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রফিক সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের শাহাদত হোসেন।

মামলার বরাতে আইনজীবী রফিক সরকার বলেন, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পাশের চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কে হীরা সানোয়ারের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন।

পরে সানোয়ার টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বিরোধ হয়। এর মধ্যে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মোবাইল ফোনে সানোয়ারকে ডেকে নেন। এরপর থেকে সানোয়ার নিখোঁজ ছিলেন।

চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদী থেকে সানোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সানোয়ারের স্ত্রী সেলিনা খাতুন উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

পরে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।