২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ, তিনদিন পর মিলল লাশ

“সাদের পকেটে পাওয়া মোবাইল ফোনের সিম কার্ড বের করে জেলেরা তার বাবার ফোনে কল দিয়ে বিষয়টি জানান।”

বরিশালে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ, তিনদিন পর মিলল লাশ

রেফাত মাহমুদ সাদ

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 05:12 PM

Updated : 10 Apr 2023, 05:12 PM

ঢাকায় চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে ওই যুবকের লাশ আটকা পড়ে বলে জানান কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।  

নিহত রেফাত মাহমুদ সাদ (২৭) নগরীর কালিবাড়ি রোডের শেখ আসলাম মাহমুদের ছেলে।

পরিদর্শক আমানুল্লাহ আল বারী জানান, লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটের এমভি শুভরাজ- ৯ লঞ্চে ঢাকা যাওয়ার পথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সাদ।

সাদের মামা সাগর উদ্দিন মন্টি বলেন, “মেঘনা নদীতে জেলেদের জালে সাদের লাশ উঠে। সাদের পকেটে পাওয়া মোবাইল ফোনের সিম কার্ড বের করে জেলেরা তার বাবার ফোনে কল দিয়ে বিষয়টি জানান।”

তিনি আরও বলেন, “চাকরি নিয়ে অসন্তুষ্ট ছিল সাদ। তাই অভিমানে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে বলে ধারণা করছি।”

সাদের বাবা বলেন, “আবুল খায়ের গ্রুপ অব কোম্পানিতে নিয়োগ হয় সাদের। শনিবার সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হয়।

“যাওয়ার সময় সে বলেছে, ঢাকা গিয়ে যদি টাকার প্রয়োজন হয় তাহলে পাঠিয়ে দিও। আমিও তাকে বলেছি, তুমি জানালে পাঠিয়ে দেব। কেন, কী হলো আমি বুঝতে পারছি না।”