২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে যুবককে ছুরি মেরে হত্যা

আশিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর সক্রিয় সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে যুবককে ছুরি মেরে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আশিকুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 11:42 PM

Updated : 09 Jan 2023, 11:42 PM

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দুর্বৃত্তরা ছুরি মেরে এক যুবককে হত্যা করেছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান।

নিহত আশিকুল ইসলাম আশিক (২৭) শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর একটি সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন।

অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর কয়েকজন অস্ত্রধারী যুবক অতর্কিতে আশিকের ওপর হামলা করে । তারা আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

‘বাতিঘর’ সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।“