আশুলিয়ায় অধিকাংশ কারখানাই বন্ধ, একটিতে ভাঙচুর
“পাশের আগামী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা হঠাৎ করে আমাদের কারখানায় হামলা চালায়।”
মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন শ্রমিক অসন্তোষের পর তুলনামূলক শান্ত সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবারও খোলেনি অধিকাংশ তৈরি পোশাক কারখানা।
তবে সকাল ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফ্যাশন গ্লোব গ্রুপের এআর জিন্স নামের কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এদিন নতুন করে আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
তবে আশুলিয়া অঞ্চলের শিল্প পুলিশ বলছে, সার্বিকভাবে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই কিছু শ্রমিক একত্রিত হয়ে এআর জিন্স কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার শ্রমিকদের বের করে আন্দোলনে নেওয়ার চেষ্টা করে।
বিক্ষুব্ধরা সেখানে পার্কিং করা একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে ফ্যাশন গ্লোব গ্রুপের কর্মকর্তা মো. লিটন বলেন, “আমাদের কারখানা স্বাভাবিকভাবে চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে পাশের আগামী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা হঠাৎ করে আমাদের কারখানায় হামলা চালায়। পরে বাধ্য হয়ে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”
এদিকে, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে আন্দোলনকারী কোনো শ্রমিককে দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাস্তার পাশের বিভিন্ন কারখানার ফটকে বুধবারের সাধারণ ছুটির নোটিশ লাগানো রয়েছে। যদিও বৃহস্পতিবারও সেসব কারখানা বন্ধ রয়েছে।
সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
আশুলিয়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বলেন, “আশুলিয়ায় আমাদের ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তিন দিন ধরে বিজিবি মোতায়েন রয়েছে। নিয়মিত টহল চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।”
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “তিন দিনের তুলনায় আজকে পরিস্থিতি ভাল। অনেক কারখানায় কাজ হচ্ছে। আবার কিছু কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে।”
মজুরি বৃদ্ধির দাবিতে সপ্তাহের শুরুতেই আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন শুরু করে। তখন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশসহ থানা পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
