২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ আটক ১৯

আটকের সময় শামসুজ্জামান শামু গণমাধ্যমকর্মীদের বলেন, তাদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 12:59 PM

Updated : 29 Oct 2023, 12:59 PM

রংপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ১৪ নেতা-কর্মীকে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে তিন জনকে আটক করা হয় বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

আটকরা হলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য সমবেত হন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে কয়েকজন কর্মী তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দলীয় কার্যালয়ের ফটকের ভেতরে ঢুকে প্রথমে ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শামসুজ্জামান শামু ও মাহফুজ উন-নবী ডনকে আটক করে।

আটকের সময় শামসুজ্জামান শামু গণমাধ্যমকর্মীদের বলেন, তাদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। হরতালের সমর্থনে মিছিল করার জন্য দলীয় কার্যালয়ে সামনে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের তিনজনকে আটক করেছে।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করে।

“এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়ে ভেতরে তল্লাশি চালিয়ে কিছু ইটপাটকেল উদ্ধার করা হয়েছে।”

এছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও বিএনপির ও অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

শনিবার ঢাকায় বিএনপি মহাসমাবেশের পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে, এমন অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে মহাসমাবেশে পুলিশের বাধা ও নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামিও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। একই দিনে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোও হরতাল আহ্বান করেছে।