২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারায় এলাকাবাসী

উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দলবেঁধে পাহারা দিচ্ছেন তারা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 03:52 PM

Updated : 07 Aug 2022, 04:03 PM

চুরি ডাকাতির উপদ্রব বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের বিভিন্ন এলাকা রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার শ্যামবাজার এলাকায় গিয়ে দেখা গেছে- ‘হুঁশিয়ার সাবধান, জাগো জাগো- গ্রামবাসী জাগো’-হাঁকডাক দিচ্ছেন এলাকাবাসী। তাদের হাতে ছিল বাঁশের লাঠি আর টর্চলাইট। বাঁশি বাঁজিয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন কিছুক্ষণ পরপর।

ওই এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. শফিকুল ইসলামের ভাষ্য, গ্রামবাসী পাহারা দেওয়ায় এখন আর চুরি-ডাকাতি হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে অনেকটা নিরাপদ ও নিশ্চিন্তে থাকি।”

কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন জানালেন, উপজেলার প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রামবাসী দলবেঁধে রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারা দিচ্ছেন।

খোকন বলেন, “চুরি ডাকাতি ঠেকাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হাটবাজার ও পাড়া-মহল্লার প্রবেশ দ্বারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পাহারা বসিয়েছে। তাদের সঙ্গে পুলিশ ও গ্রাম পুলিশ কাজ করছেন।”

এভাবে ‘সজাগ’ থাকলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এ জনপ্রতিনিধি।

উপজেলার জয়নগর এলাকায়ও গ্রামবাসীকে দলবদ্ধ হয়ে পাহারা দিতে দেখা গেছে। নিরাপত্তার জন্য সঙ্গে ছিল বাঁশের লাঠি নিয়ে। বাঁশি বাজিয়ে সতর্ক করছেন সবাইকে; টর্চলাইট ফেলে দেখে নিচ্ছেন যাতায়াতের পথ। কাউকে সন্দেহ হলে থামিয়ে জিগেস করে নিচ্ছেন নাম-পরিচয়।

কাশিয়ানী থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, “চুরি-ডাকাতি ও মাদক পাচার প্রতিরোধে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সমন্বয়ে বৈঠক করে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষার কাজ অনেক সহজ হয়েছে।"

এভাবে প্রত্যেকটি গ্রামের মানুষ সজাগ থাকলে চুরি-ডাকাতি বন্ধ অনেকটা সহজ হবে, অপরাধমূলক কর্মকাণ্ডও কমে আসবে বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা।