১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল চারজনের

ফতেপুর গ্রামে আম বাগান পরিচর্যা করার সময় বজ্রপাতে মোতাহার হোসেন ও খাদেমুল ইসলাম মারা যান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 10:47 PM

Updated : 18 Jun 2023, 06:43 PM

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন।

শনিবার বিকালে পত্নীতলা উপজেলার ছোট মহারন্দী ও ফতেপুর গ্রামে তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে মাসুদ রানা (২৭), আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), আব্দুস সামাদের ছেলে খাদেমুল ইসলাম (৪০) এবং পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

পত্নীতলা থানার ওসি পলাশ কুমার দেব জানান, শনিবার বিকাল ৪টার দিকে ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা বাড়ির পাশে আম বাগানে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। বজ্রপাতে ওই এলাকার দুটি গরু মারা যায়।

অপরদিকে বিকাল সাড়ে ৪টার দিকে ফতেপুর গ্রামে আম বাগান পরিচর্যা করার সময় বজ্রপাতে মোতাহার হোসেন ও খাদেমুল ইসলাম মারা যান।

নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি পলাশ কুমার।

এদিকে পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, আজিজুল বাড়ির অদূরে মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠ থেকে মরদেহ নিয়ে যান স্বজনরা।