আমাকে স্যার ডাকার দরকার নেই: জামালপুরের ডিসি
জামালপুরে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গেই প্রথম মতবিনিময় করলেন জেলা প্রশাসক।
জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হব।”
সাংবাদিকদের জন্য সব সময় জেলা প্রশাসনের দুয়ার খোলা থাকবে প্রতিশ্রুতি দিয়ে ইমরান আহমেদ বলেন, “যেকোনো সময় যেকোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন।
অতিরঞ্জিত কোনোকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করার জন্যও তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।
জামালপুরে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গেই প্রথম মতবিনিময় করলেন জেলা প্রশাসক।
ইমরান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর।
