২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাইকেল মেরামতকারীকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। 

সিলেটে সাইকেল মেরামতকারীকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

সিলেটের আদালত চত্বর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 03:51 PM

Updated : 22 Mar 2023, 04:12 PM

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার এক বাইসাইকেল মেরামতকারীকে হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাত হোসেন প্রামাণিক আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরওয়ার আহমদ চৌধুরী আবদাল জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- চাঁদপুর জেলার মতলব উপজেলার বইয়েরা গ্রামর মৃত সিরাজ মিয়ার ছেলে এবং সিলেটের কানিসাইল এলাকার বাবুল মিয়ার কলোনির বাসিন্দা ঝাড় মিয়া, সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সবুজ মিয়ার ছেলে জাকির এবং মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার পাঁচপীর গ্রামের আতর মিয়ার ছেলে লাল মিয়া ওরফে লালু। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ২৮ নভেম্বর রাত ৮টায় সিলেট নগরীর বন্দরবাজারে বাইসাইকেল মেরামতকারী আবুল কালাম (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি সিলেট নগরীর গাজীটোলা এলাকার দুলু মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন। তিনি বন্দরবাজার সন্ধ্যাবাজার এলাকায় বাইসাইকেল মেরামতের কাজ করতেন।

এ ঘটনায় তার স্ত্রী সুমনা খাতুন বেদনা বাদী হয়ে পরদিন ২৯ নভেম্বর সিলেটের কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। 

এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ মে কোতোয়ালী মডেল থানার এসআই মোহাম্মদ সাইদ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি তিনজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন এসআই রোকনুজ্জামান।

২০১৩ সালে বিচারকার্য শুরু হয়। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

আইনজীবী বলেন, তিনজনকে যাবজ্জীবন ছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী ঝর্ণা বেগম।