২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পোশাক কারখানার গেইটে ভাঙচুর-অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে মির্জাপুর উপজেলার ইউএনও জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 10:25 PM

Updated : 04 Jan 2024, 11:04 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকার ঘোষিত বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানার গেইটে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিক-কর্মচারীরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ চলমান ছিল জানিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, উপজেলার গোড়াই এলাকার নিউটেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।

নিউটেক্সসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে সাজ্জাত হোসেন, সুজন মিয়া, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও সুরাইয়া আক্তারসহ অন্তত ২০ জন শ্রমিকের অভিযোগ, সরকার শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতন স্কেল ঘোষণা করলেও কারখানার মালিক পক্ষ এখন পর্যন্ত তা কার্যকর করেনি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা গোড়াই এলাকায় হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ ও কারখানার গেইটে ভাঙচুর শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক ধরে চলাচলরত গাড়ির চালক ও যাত্রীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে যান।

শাকিলা বিনতে মতিন বলেন, পরে কারাখানা কর্তৃপক্ষের আশ্বাসে রাতে শ্রমিকরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ ব্যাপারে নিউটেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।