সিলেটে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে।
সিলেটে একটি পর্যটকবাহী বাস উল্টো অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়া জানান।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি বলেন, ”সাদাপাথর পরিবহনের বাসটি অন্তত বিশ পর্যটক নিয়ে সিলেট নগরীর আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথে ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায় “
”পরে ৯৯৯ এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।”
ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন, বলেন এ পুলিশ কর্মকর্তা।
