সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে আটক ১
অধিক লাভ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা তিনি আত্মসাত করেন বলে অভিযোগ আছে।
সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর গালিব এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
মেজর গালিব জানান, ২০১৯ সালে হাবিবুর রহমান ‘বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি ভুয়া এনজিও খুলেন। এর পর বেশি লাভ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাত করেন। এক পর্যায়ে তিনি এনজিও অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যান।
“পরবর্তীতে কয়েকজন গ্রাহকের অভিযোগ পেয়ে র্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে র্যাব জানতে পারে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি সাতক্ষীরা সদর থানা এলাকায় আত্মগোপন করে বসবাস করছেন।
পরে সোমবার শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ”
মেজর গালিব আরও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার প্রস্তুতি চলছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
