১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভুয়া বিলে বন্দিদের টাকা আত্মসাতের অভিযোগে জেলার চাকুরিচ্যুত

দেড় কোটি টাকা তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 06:39 PM

Updated : 11 Oct 2026, 06:41 PM

ভুয়া বিল বানিয়ে বন্দিদের জন্য বরাদ্দ প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাকরি গেছে এক জেলারের।

মো. আব্দুল ফাত্তাহ নামের ওই জেলার পঞ্চগড় কারাগারে দায়িত্ব পালনের সময় ২০২৩-২০২৪ ও ২০২৪- ২০২৫ অর্থবছরে এ টাকা ‘আত্মসাৎ’ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে কুষ্টিয়া কারাগারে কর্মরত অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার তাকে চাকরিচ্যুত করার আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফাত্তাহ পঞ্চগড় কারাগারে দায়িত্ব পালনকালে বিভাগীয় নিরীক্ষায় খোরাকি রেশনের সরকারি অর্থ তছরুপ ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বন্দিদের জন্য বরাদ্দ করা রেশনের টাকা আত্মসাতের অভিযোগে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুত করার প্রজ্ঞাপনে বলা হয়, তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্টানের মাধ্যমে এক কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎকরা হয়েছে। আব্দুল ফাত্তাহ ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে বাবা মায়ের দোয়া, নূর স্টোর ও শুভ স মিল নামের তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্টাননের নামে ৫৭টি ভুয়া বিলের মাধ্যমে এ টাকা আত্মসাৎ করেন।

নিয়ম বর্হিভূতভাবে জেল সুপারকে অবগত না করে এ সংক্রান্ত সকল চিঠি একজন কারারক্ষির সহায়তায় আদান প্রদান করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

বিভাগীয় মামলার তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা-আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী চাকুরিচ্যুত করার সুপারিশ করলে সে অনুযায়ী কর্মকমিশনের পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত জানিয়েছে।