বৃষ্টি হলেই পানি পড়ে ক্লাসরুমে, পাঠদান চলে ছাতা মাথায়
স্কুলটিতে ১৭ জন শিক্ষক ও ৯৫৭জন শিক্ষার্থী রয়েছে।
বৃষ্টি হলেই পানি পড়ে গাজীপুর শহরে জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে; শিক্ষার্থীদের ছাতা বা পলিথিন মাথায় দিয়ে ক্লাস করতে হয়।
স্কুলটির অধিকাংশ ক্লাসরুমের অবস্থা জরাজীর্ণ। ১৫টি শ্রেণিকক্ষের মধ্যে নয়টি প্রায় অকেজো। এর মধ্যেই ৯৫৭ জন শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছেন ১৭ জন শিক্ষক।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৩ সালে জাতীয়করণ হয়।
স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী খদিজা জানায়, তাদের ক্লাসরুমের চালের অবস্থা খুব খারাপ, সিলিংও ভাঙা। একটু বৃষ্টি হলেই ফোঁটায় ফোঁটায় পানি পড়তে শুরু করে ভেতরে। মেঝেতে পানি জমে যায়।
পঞ্চম শ্রেণির ছাত্র মো. জাহাঙ্গীর আলম জানায়, কোনো কোনো শ্রেণিকক্ষের ছাদে এবং দেয়ালে ফাটল রয়েছে। জরাজীর্ণ ভবনেও ক্লাস হচ্ছে। অনেক সময় শ্রেণিকক্ষের ভেতরেই তাদের ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে ক্লাস করতে হয়।
প্রধান শিক্ষক মাহবুবা রহমান বলেন, “আমাদের স্কুল এ গ্রেডের হলেও ভালো ক্লাসরুম নেই। অফিস কক্ষ বাদে স্কুলের ১৫টি ক্লাসরুমের মধ্যে ছয়টি ভালো। বাকিগুলো পাঠদানের অনুপযোগী।
“ক্লাসরুমের সঙ্কটের কারণে ভাওয়াল রাজার আমলের একতলা ভবনেও ক্লাস নিতে হচ্ছে “
এ ভবনের দুটি শ্রেণি কক্ষের ছাদ ও দেয়ালের ফাটল রয়েছে। সেমিপাকা অন্য ভবনের টিনের চাল-সিলিং ভাঙা, স্থানে স্থানে ফুটোও রয়েছে।
২০১৩ সাল থেকে এ স্কুলে সরকারের পাইলট প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কার্যক্রম শুরু হয়। ২০০০ সালে একটি দোতলা ভবন এবং ২০০১ সালে দুই কক্ষের একটি একতলা ভবন নির্মিত হলেও দোতলা ভবনের ছয়টি কক্ষের মধ্যে দুটি ব্যবহৃত হচ্ছে অফিস কক্ষ হিসেবে।
স্কুলে শিক্ষক সঙ্কট না থাকলেও শ্রেণিকক্ষের সঙ্কট রয়েছে বলে জানান মাহবুবা।
তিনি বলেন, “এ ব্যাপারে বিভিন্ন সময় জেলা শিক্ষা অফিস, স্থানীয় মন্ত্রী/এমপিদের কাছে একাধিকবার আবেদন করেও ফল পাইনি। মাঝে মধ্যে সংস্কারের জন্য স্বল্প পরিমাণে টাকা পেয়েছি। যা দিয়ে সংস্কার করলেও তা বেশিদিন টেকে না।
“২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগের এক প্রকৌশলী পরিদর্শন করে পুরোনো ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও শ্রেণিকক্ষের অভাবে সেখানেও ক্লাস নিতে হচ্ছে। এ অবস্থায় নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।”
সর্বশেষ এ প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন ’এ প্লাস’, ১৮ জন টেলেন্টপুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
শ্রেণিকক্ষের সঙ্কট কাটলে ফলাফল এবং লেখাপড়ার মান আরো বাড়বে বলে আশা করেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, “স্কুলটিতে মানসম্মত পাঠদানের জন্য আরো কমপক্ষে নয়টি ক্লাসরুম প্রয়োজন। কক্ষ সংকটে পাঠদানে সমস্যা হচ্ছে। ইতোপূর্বে ভবন বরাদ্দের জন্য ডিজি অফিসে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে কেন পায়নি তা বলতে পারছি না।
“এর আগে বিভিন্ন সময়ে মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হলেও তা শ্রেণিকক্ষ নির্মাণের জন্য যথেষ্ট নয়।”
