পাবনার ঈশ্বরদী রেল জংশনে বোমা সদৃশ্য বস্তু
এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পাবনার ঈশ্বরদী রেল জংশন এলাকায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে।
শুক্রবার ভোর রাতে স্টেশনের একটি রেল লাইনে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা লাল টেপে জড়ানো বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।
তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে কৌটার মতো বস্তুটি রেল লাইনে রেখে গেছে। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। বস্তুটি খতিয়ে দেখতে রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ বোমা সদৃশ্য বস্তুটি রেখে গেছে। তবে, রেলপথের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করেছে বলেও জানান তিনি।
