বরিশালে বজ্রপাতে এক কৃষকের ৫ গরুর মৃত্যু
“কৃষকের প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করব প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সহায়তা করার।”
বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে বজ্রপাতে এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে।
উপজেলার গুয়াবাড়িয়া গুচ্ছগ্রাম কোলচর এলাকায় রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান।
তিনি বলেন, দুর্গম চরে শাহাদাত মাঝির বাড়িতে টিনের গোয়াল ঘরে সাতটি গরু বাঁধা ছিল। রাতে ঝড়-বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে থাকা দুটি গর্ভবতী গাভী ও তিনটি ষাঁড় মারা গেছে। দুটি গরুসহ তিনটি বলদের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর দুটি গর্ভবতী গাভী।
মাহমুদুল হাসান বলেন, আহত গাভী দুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছে। কৃষকের প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
“আমরা চেষ্টা করব প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সহায়তা করার।”
