বিএনপি নেতার মিলে হামলা: আসামি সাবেক এমপি আতিক-ছানু
২৭ জুলাই শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর রোজবার্গ অটো রাইস মিলে এই হামলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শেরপুরে বিএনপি নেতার মিলে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সদর উপজেলার কুসুমহাটি বটতলার রোজবার্গ অটো রাইস মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি করেন বলে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
মিলটির মালিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আকবর আলী, শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল, আওয়ামী লীগ নেতা দুলাল হাজী, শ্রমিক নেতা আরিফ রেজাসহ ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ২৭ জুলাই রোজবার্গ অটো রাইস মিলস লিমিটেডে হামলা হয়। এ সময় কর্মচারী ও কর্মকর্তাদের মারধর করা হয়। ২৭ জুলাই দুপুর সোয়া ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাণ্ডব চালিয়ে নগদ এক কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। ১৭ হাজার ৭৬০ বস্তা বিআর-২৮ চাল, যার মূল্য চার কোটি ৬১ লাখ ৭৬ হাজার টাকা; তেজগোল্ড ১৪ হাজার ৯২৫ বস্তা ধান, যার মূল্য তিন কোটি ৮০ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা; কম্পিউটার চারটি, যার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা এবং সিসি ক্যামেরা ডিবিআর, যার মূল্য ৪২ হাজার টাকা আসামিরা চুরি করে নিয়ে গেছে।
