১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীর সুবর্ণচরের চেয়ারম্যান হলেন এমপিপুত্র সাবাব

এএইচএমএ খায়রুল আনম চৌধুরী সেলিমের সঙ্গে তার ভোটের ব্যবধান ৭০৩।

নোয়াখালীর সুবর্ণচরের চেয়ারম্যান হলেন এমপিপুত্র সাবাব
জয়ের পর আতাহার ইশরাক সাবাব চৌধুরী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:03 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাহার ইশরাক সাবাব চৌধুরী; যিনি সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে।

বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাত ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম আনারস প্রতীকের সাবাব চৌধুরীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নিয়ে সাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএমএ খায়রুল আনম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫। দুজনের ভোটের ব্যবধান ৭০৩।

জেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম সুবর্ণচর উপজেলায় টানা তিন বারের চেয়ারম্যান ছিলেন। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের টানা চার বারের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী ভোটের লড়াইয়ে নামায় কয়েকদিন থেকেই জেলা জুড়ে আলোচনার ঝড় উঠে।

এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আতাহার ইসরাক সাবাব চৌধুরী বলেন, “আমার স্বপ্ন ছিল সুবর্ণচরের উন্নয়ন, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সুবর্ণচর স্মার্ট উপজেলা হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু ভোটের ব্যবধান কম তাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়ন কাজ করবো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এর আগে সকাল ৮টা থেকে ৮ ইউনিয়ন নিয়ে গঠিত সুবর্ণচর উপজেলার ৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।