গাজীপুরে কলেজ ছাত্র খুন
স্থানীয় একজন জনপ্রতিনিধি বলছেন, কয়েক ডজন কিশোর-তরুণ ঘিরে ধরে এ হত্যাকাণ্ড ঘটায়।
গাজীপুরে কালীগঞ্জে রাস্তার ভেতর ঘেরাও করে এক কলেজছাত্রকে পিটিয়ে ও ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরুন বাজার এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান জানান।
নিহত রিদোয়ান হাসান আলিফ (১৯) প্রহ্লাদপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন; শ্রীপুর থানার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের আমানউল্লার ছেলে তিনি।
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা আকন্দ বলছেন, হত্যাকাণ্ডে জড়িতরাও সবাই বয়সে তরুণ।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ চলছিল। আলিফ সন্ধ্যায় ওই মাহফিলে যাওয়ার পথে নরুন বাজার এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে দেখা হয়। তখন তারা সেখানে আড্ডা দিচ্ছিল।
“আনুমানিক সাড়ে ৭টার দিকে কয়েকজন কিশোর ও যুবক এসে আলিফকে ধরে নরুন তিন রাস্তার মোড় থেকে কিছু দূরে নিয়ে যায়। সেখানে আরও বেশ কিছু তরুণ ওই সড়ক ব্লক করে চারদিকে ঘিরে ফেলে এবং আলিফকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা আলিফের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
“পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা আলিফকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।“
আলিফের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
