২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় সাজা পাওয়া রংপুর ডিসি অফিসের কর্মচারী স্ত্রীসহ কারাগারে

মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এ দম্পতিকে চার বছরের সাজা দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলায় সাজা পাওয়া রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার রংপুরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক মো. বদরুল আলম ভূঞা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ।

কারাগারে যাওয়ারা হলেন- রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জে এম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্ত) মো. শামসুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম (৪৫)।

মামলা থেকে জানা গেছে, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে ২০১৮ সালে তাজহাট থানায় মামলা করে দুদক। ৩১ মার্চ আসামিদের অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করে আদালত। 

রায়ে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় আদালত। পরে দুটি ধারায় আসামিদের এক বছর ও তিন বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়। 

এ ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জন করা আসামিদের যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।

মামলার বাদী দুদক কর্মকর্তা সমর কুমার বলেন, রায়ের সময় পলাতক থাকলেও সোমবার এ দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।