এ দেশের মানুষ ভারতবিরোধী নয়, তবে ‘সাম্প্রদায়িক’ মোদীবিরোধী: সারজিস
“আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলছি, সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির কিংবা দলের সঙ্গে দলের নয়”, বলেন তিনি।
এ দেশের মানুষ ভারতবিরোধী নয়, তবে ‘উগ্র সাম্প্রদায়িক’ মোদীবিরোধী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার বিকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ফাইভ স্টার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মহান বিজয় দিবস ও জুলাই-অগাস্ট আন্দোলন নিয়ে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সারজিস আলম বলেন, “বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণবিরোধী নয়। কিন্তু ‘উগ্র সাম্প্রদায়িক’ মোদীবিরোধী। বাংলাদেশের মানুষ গুজরাটের ‘উগ্র সাম্প্রদায়িক’ মোদিবিরোধী। যে মুসলমানদের রক্তের ওপরে ভারতের ক্ষমতায় এসেছে।
“আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলছি, সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির কিংবা দলের সঙ্গে দলের নয়।”
রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোনো দেশ, কোনো দল, কোনো মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করে তাদেরকে জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করার ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির এই সংগঠক।
মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা দেশের মাটিতে ফিরতে পারবে না মন্তব্য করে সারজিস আলম বলেন, “খুনি হাসিনা যা করেছেন, তার নির্মম পরিণতি তাঁর হয়েছে। এর চেয়ে লজ্জাজনক বিদায় এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রীর হয়নি, আগামীতে আর হবেও না।
“একটা মানুষের ন্যূনতম লজ্জা যদি থাকত, তাহলে সেই মানুষটা তাঁর নিজে ও পরিবারের কথা একপাশে রেখে হাজার হাজার নেতাকর্মীকে ফেলে যেতে পারতেন না।”
শেখ হাসিনার সময় গুম-খুনের কথা তুলে ধরে সারজিস আলম বলেন, “১৫ ডিসেম্বর গুম কমিশনের (গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন) একটা প্রতিবেদন এসেছে। এতে দেখা গেছে, যারা হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে।
“হত্যার পর নির্জন স্থানে নিয়ে রেললাইনের ওপরে দিয়ে দেহ ছিন্নভিন্ন করে অপমৃত্যু বলে প্রচার করা হয়েছে। এমন অসংখ্য নির্যাতনের ঘটনা ওই প্রতিবেদনে উঠে এসেছে।”
গেল ১৬ বছরের বিজয় দিবসকে আওয়ামী লীগের বিজয় দিবস উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, “বিজয় দিবসে শুধুমাত্র দুটি গান বাজত, আপনারা সবাই সেই গান জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র এটা কোনোদিন কোনো দলের হতে পারে না, এটা কোনো ব্যক্তির হতে পারে না, এটা একটি পরিবারের হতে পারে না।
“যারা এর বিপক্ষে ১৬ বছরে কথা বলেছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি নিজের দলের কেউ যদি সাহস নিয়ে কথা বলার চেষ্টা করেছে তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।”
আমাদের লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে সারজিস আলম বলেন, “চব্বিশ আমাদের একটা উদাহরণ তৈরি করেছে। সেটি হচ্ছে, আমরা যদি রাজনৈতিকভাবে বিভাজিত থাকি তাহলে ঐক্যবদ্ধভাবে এমন শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারব না।
“কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে, সার্বভৌমত্বের স্বার্থ আসবে, দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন একপাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে যেকোনো পরাশক্তি কিংবা মোদীর মতো ‘উগ্র সাম্প্রদায়িক’ ব্যক্তি হোক না কেনো আমরা তাদেরকে প্রতিহত করতে পারব।”
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর শাখার সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমীর মো. শরফুদ্দিন খান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী ৩৬ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সারজিস আলমসহ অতিথিরা।
