উপজেলা ভোট: টাঙ্গাইলে ফেইসবুকে ঘুরছে সিলমারা ব্যালট!
পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সিলমারা ব্যালট পেপারের ছবি পোস্ট করেছেন অনেক ভোটার।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে বুধবার টাঙ্গাইলের তিনটি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনি বিধিতে নিষিদ্ধ হলেও ভোট দেওয়ার পর সেই ব্যালট পেপারের ছবি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে প্রার্থী ও সাধারণ ভোটাররা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ফেইসবুকে দেখা গেছে, দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এম শিবলী সাদিককে টেলিফোন প্রতীকে সিলমারা ব্যালট পেপারের ছবি ফেইসবুকে পোস্ট করেছেন ভোটার আলমগীর হোসেন।
একই উপজেলা থেকে ‘এ্যালেক্স অপ্পি’ নামের একটি আইডি থেকে টেলিফোন প্রতীকে সিলমারা ব্যালট পেপার ফেইসবুকে পোস্ট করা হয়েছে।
এদিকে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফাকে দোয়াত-কলম প্রতীকে ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ রাজীবকে উড়োজাহাজ প্রতীকে এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি গুহকে পদ্মফুল প্রতীকে সিলমারা ব্যালট পেপারের ছবি ফেইসবুকে পোস্ট করেছেন মুহিত ইসলাম নামের এক ভোটার।
একই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক হোসেন মানিককে ঘোড়া প্রতীকে সিল মেরে নিজ ফেইসবুকে পেজে পোস্ট করেছেন কাজী ইলিয়াস।
এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসতিয়াক আহম্মেদ রাজিবকে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে কৌশিক আহম্মেদ রাজু তার ফেইসবুক পেইজে ব্যালটির ছবি পোস্ট করেছেন।
তাদের মত অনেক ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেইসবুকে পোস্ট করেছেন। পোস্টের মন্তব্যে অনেকেই বিষয়টির প্রতিবাদ ও সমালোচনা করেছেন। তবে কোন কোন কেন্দ্র থেকে এসব ব্যালটের ছবি তোলা হয়েছে তা জানা যায়নি।
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনোতোষ ঘোষ বলেন, “সিল মারা ব্যালট পেপার ফেইসবুকে পোস্ট করা অপরাধ। কেউ পোস্ট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমার কেন্দ্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানের মোবাইলে কল করা হলে তিনি সিলযুক্ত ব্যালট কেউ ফেইসবুকে দিয়েছে কি-না সে সম্পর্কে কিছু জানেন না বলে ফোন কেটে দেন।
