জমি-মাজার নিয়ে দ্বন্দ্ব: হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
“বিচার না মেনে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান।
এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী জানায়, সোনাপুর গ্রামের সরকারি খাস জমি ও মাজার নিয়ে ভাকৈর ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ জেরে সোমবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশ বসিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে দুপক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি বলেন, “এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
“পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় নারীসহ ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
নতুন করে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
