নওগাঁয় কৃষি জমির পাশে ‘বজ্রপাত নিরোধক’ ছাউনি নির্মাণ
অন্য উপজেলাতেও বজ্রপাত নিরোধক ছাউনি নির্মাণের কথা বলেছেন জেলা প্রশাসক।
নওগাঁর পোরশার লালমাটি বিলের তীরে কৃষক ও শ্রমিকদের ব্রজপাত থেকে রক্ষায় ‘বজ্রপাত নিরোধক’ ছাউনি নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ছাওর ইউনিয়নে এ ছাউনির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল।
ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “বজ্র নিরোধক ছাউনি এলাকার কৃষক ও শ্রমিকের অনেক উপকারে আসবে। এই বিল ও মাঠের আশেপাশে দুই কিলোমিটারের মধ্যে ঘরবাড়ি না থাকায় ঝড়বৃষ্টির সময় প্রতিবছর বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে।
“এ ছাড়া মাঠে ধান কাটা ও রোপণের সময় প্রচণ্ড গরমে কৃষক ও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। এখন থেকে এ ছাউনিতে তারা আশ্রয় ও বিশ্রাম নিতে পারবেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ ছাউনির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।”
জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রচণ্ড গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া ব্রজপাতে প্রতি বছর এখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাউনিতে একসঙ্গে প্রায় অর্ধশত মানুষ আশ্রয় নিতে পারবেন।
পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলাতেও বজ্রপাত নিরোধক ছাউনি নির্মাণ করা হবে বলে জানান তিনি।
এ সময় পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, ইউপি সদস্য আশরাফ আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
