নেত্রকোণায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার এসআই আব্দুল জানান।
নিহত আব্দুল হাকিম মীর (২০) উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আব্দুল হাকিম মীর অটোরিকশা চালাতেন। দুপুরে নিজের ঘরে অটোরিকশাটি চার্জে দেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
মোহনগঞ্জ থানার এসআই আব্দুল বলেন, “আমরা লাশের সুরতহাল করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সেই থানায় বার্তা পাঠানো হয়েছে। সেখানেই পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
