১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেয়েকে ধর্ষণের মামলা করার এক সপ্তাহের মাথায় বাবার লাশ

স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫ মার্চ মামলা করেছিলেন ওই ব্যক্তি।

মেয়েকে ধর্ষণের মামলা করার এক সপ্তাহের মাথায় বাবার লাশ
বরগুনা জেলা সদর হাসপাতাল। ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

বরগুনায় স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করা বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বাড়ির পিছন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান। 

নিহত ওই ব্যক্তি (৪০) বরগুনা পৌর বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন। 

তার স্ত্রী ও পরিবারের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিবারটি হিন্দু ধর্মাবলম্বী। 

পরিবারের স্বজনরা জানান, স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫ মার্চ মামলা করেছিলেন ওই ব্যক্তি। মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার জেরে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন তারা।   

নিহতের স্ত্রী বলছিলেন, মঙ্গলবার রাতে তার স্বামী মোবাইল ফোনে জানিয়েছিলেন, ফিরতে একটু দেরি হবে। অনেক রাতেও বাড়ি না ফিরলে মোবাইলে কল করা হয়। কিন্তু রিসিভ হয়নি। 

এক পর্যায়ে বাড়ির পিছনে মোবাইলের রিংটোন শোনা যায়। তখন সেখানে গিয়ে দেখা যায় মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।  

সদর থানার ওসি জগলুল হাসান বলেন, “বাড়ির পিছন থেকে কাদামাখা লাশটি উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ বলা যাবে না।” 

পরিবারের অভিযোগের বিষয়ে ওসি বলেন, “ওই ব্যক্তির সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫ মার্চ মামলা হয়েছে। একমাত্র আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। পরিবার দাবি করতেই পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”