মহাসড়ক অবরোধ করে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনে নেতৃত্বে দেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, “দুপুর ৩টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সামনে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।”
শিক্ষার্থীরা জানান, রোববারের সংবাদ সম্মেলনে তাদের রাজাকার তকমা দিয়ে অপমান করা হয়েছে। ওই বক্তব্য প্রত্যাহারের করে দ্রুত সময়ে সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
বরিশাল-কুয়াকাটা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলের মাঝখানের খোলা জায়গায় জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, সোমবার বিকালে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে অবস্থান নিয়ে সমাবেশ করেছে।
কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
