২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বালুবাহী নৌযানের ধাক্কায় সেতু ভেঙে বিচ্ছিন্ন ১৫ গ্রাম

“দুইটি বালুবাহী বাল্কহেডের মধ্যে প্রতিযোগিতার কারণে সেতুর সঙ্গে ধাক্কা লাগে।”

কুমিল্লায় বালুবাহী নৌযানের ধাক্কায় সেতু ভেঙে বিচ্ছিন্ন ১৫ গ্রাম
কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে ভেঙে পড়া সেতু।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:18 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

কুমিল্লার তিতাস উপজেলায় বালুবাহী দুই নৌযানের ধাক্কায় গোমতী নদীর উপর থাকা একটি সেতু ভেঙে গেছে। এতে উপজেলার নারানন্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ ১৫ গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার সংলগ্ন সেতুটি ভেঙে যায় বলে জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা।

চেয়ারম্যান আরিফুল সাংবাদিকদের বলেন, “বালুবাহী দুটি নৌযানের ধাক্কায় সেতুটির মাঝখান থেকে ভেঙে ঝুলে আছে। এতে আমার ইউনিয়নের আসমানিয়া বাজারের সাথে পাশের কয়েকটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

তিনি  আরও জানান,  গোমতি নদীর এই স্থানে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার আগে পুরোনো স্টিলের সেতুটি মেরামত করে যোগাযোগ চালু রাখা হয়েছিল।  

“কিন্তু বাল্কহেডের ধাক্কায় সেটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়ছে মানুষ। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সেতুটি মেরামতের দাবি জানাচ্ছি।”

তিতাস উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আসমানিয়া বাজারের সংলগ্ন স্থানে গোমতী নদীতে নতুন সেতু নির্মাণ কাজ চলমান। মানুষের চলাচলের জন্য স্টিলের পুরনো সেতুটির সঙ্গে কাঠ বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করেছিলাম। 

“কিন্তু বুধবার দুইটি বালুবাহী বাল্কহেডের মধ্যে প্রতিযোগিতার কারণে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে সেতুটির মাঝের অংশ ভেঙে যায়। স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বাল্কহেড আটক করা হয়েছে। আমরা বিষয়টি দেখছি।”