Published : 26 Jun 2026, 11:49 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত যুবকের লাশ নিতে পরিবার অস্বীকৃতি জানানোর পর দূর সম্পর্কের এক চাচাতো ভাই তা গ্রহণ করেছেন।
শুক্রবার বিকালে ওই যুবকের লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. ইয়াকুব।
নিহত অন্তর মজুমদার (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চরভাটা এলাকার চরবজলুল করিম গ্রামের কার্তিক মজুমদারের ছেলে।
এসআই মো. ইয়াকুব বলেন, লাশ হস্তান্তরের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু স্বজনরা কোনোভাবেই লাশ নিতে রাজি হননি। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাইকে আনা হয়। ময়নাতদন্ত শেষে তার কাছে লাশ হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়।
তাদের চিৎকার শুনে জানালা দিয়ে বাসায় এক লোককে দেখতে পেয়ে স্থানীয় এক নারী বাহির থেকে বাসার গেইট বন্ধ করে দেন। এতে অন্তর মজুমদার ভবনের ভেতরে আটকা পড়েন।
পরে ওই নারী আশপাশের লোকজনকে ডেকে নিয়ে বাসায় ঢুকে চারজনকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এ সময় অন্তর বাসার ছাদে উঠে পার্শ্ববর্তী বাসার ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। পরে তিনিও মারা যান।
আরও পড়ুন:
মা ও তিন মেয়ে খুন: লক্ষ্মীপুরে জানাজা শেষে লাশ নেওয়া হল কুমিল্লায়
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: অজ্ঞাতদের নামে মামলা
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত